চিরিরবন্দরে বাসচাপায় শিশু নিহত, দশমাইল হাইওয়ে মহাসড়ক অবরোধ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসচাপায় বাঁধন চন্দ্র রায় (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ১২নং আলোকডিহি ইউপির ঘাটের পাড় এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় দশমাইল হাইওয়ে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
নিহত বাঁধন আলোকডিহি গ্রামের মালিপাড়ার সুশান্ত চন্দ্র রায়ের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) মাহাবুল কবির বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খেলার ছলে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাস্তায় স্পিডব্রেকার দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা চেষ্টা করছি, বিষয়টি সমাধান করে যান চলাচল স্বাভাবিক করার জন্য।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন