গাইবান্ধায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান সুজা এবং সাবেক সদস্য সচিব নাজিম উদ্দিন আলমের মধ্যে দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শুক্রবার জুমার নামাজের পর ওই বিরোধকে কেন্দ্র করে তাদের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঠা নিয়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে এনটিভি অনলাইনের প্রতিনিধি খাইরুল বাশার (৩২) ইটের আঘাতে আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও আবু সুফিয়ান সুজা ও নাজিম উদ্দিন আলমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা) গোপালপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন