দিনাজপুরে জাগপার সাথে জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচিতি সভা অনুষ্ঠিত
দিনাজপুরে ১০ দলীয় ঐক্যজোটের অংশ হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে নির্বাচনী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় দিনাজপুর জাগপার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা জোরদার করার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ ইমরুল কায়েস রুপম। তিনি বলেন, ১০ দলীয় ঐক্যজোটের অংশ হিসেবে জাগপা সব শরিক দলের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছে। ঐক্যবদ্ধ প্রচারণার মাধ্যমে দিনাজপুর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল দিনাজপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাইনুল আলমের পরিচিতি ও তাঁর পক্ষে প্রচারণা কৌশল। বক্তারা বলেন, মাইনুল আলম একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য প্রার্থী। জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতিতে তাঁর ভূমিকা ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। তাই দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়ার জন্য নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জামায়াতের পৌর আমীর সিরাজুস সালেহীন। তিনি বলেন, ১০ দলীয় ঐক্যজোটের লক্ষ্য হলো জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। তিনি জাগপার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ প্রচারণা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।
পরিচিতি সভায় যুব জাগপা, ছাত্র জাগপা ও মহিলা জাগপার নেতৃবৃন্দও অংশ নেন। তাঁরা বলেন, তরুণ ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের বার্তা পৌঁছে দিতে মাঠপর্যায়ে প্রচারণা আরও জোরদার করা হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, জাগপা ১০ দলীয় ঐক্যজোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল। তাই জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে দিনাজপুর-৩ আসনে জোটের প্রার্থী বিজয়ী হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
সভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা পরিকল্পনা, ভোটার যোগাযোগ, কেন্দ্রভিত্তিক টিম গঠন এবং প্রচারসামগ্রী বিতরণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন