আলোচিত সেই পকেটমার র্যাবের হাতে গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদা পৌর মার্কেটে হবিবর রহমান নামে এক ব্যক্তির পকেট থেকে টাকা চুরির ঘটনায় আলোচিত সেই পকেটমারকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া সাড়ে সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় নীলফামারীতে র্যাব-১৩, সিপিসি-২ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির। গ্রেপ্তার ব্যক্তি আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ার (৪০)। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার চিড়াকুটি এলাকার মৃত হিমায়েদ আলীর ছেলে।
র্যাব জানায়, গত ১১ মার্চ হবিবর রহমান (৫০) পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করতে বোদা পৌর মার্কেটে যান। একটি দোকানে জামাকাপড় দেখার সময় আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ার কৌশলে হবিবর রহমানের পাঞ্জাবির পকেট থেকে ঈদের কেনাকাটার জন্য আনা ১৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে টাকা না পেয়ে ঈদের কেনাকাটার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। পরে চুরির ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং সেই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার জন্ম দেয়।
কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির বলেন, বিষয়টি আমাদের নজরে এলে ওই পকেটমারকে ধরতে অভিযান চালানো হয়। অভিযানে দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন