কিশোরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৈতৃক জমি দখলের চেষ্টা এবং মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আজিজুল ইসলাম রাজু। রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার মাগুড়া মিয়াপাড়ায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে আজিজুল ইসলাম রাজু বলেন, উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের সয়রাগন্ডা বাবুপাড়ায় অবস্থিত জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। ১৯৫৩ সাল থেকে তারা ওই জমি ভোগদখল করে আসছেন এবং জমির দলিল ও রেকর্ড তাদের নামে রয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ১৩ জুলাই তার চাচাতো ভাই শফিকুল ইসলাম, শিমুল ইসলাম ও আঞ্জু বেগম কোনো পূর্বঘোষণা ছাড়াই জমিটি দখলের চেষ্টা করেন। তিনি বাধা দিতে গেলে তাকে এবং তার ছেলে-মেয়েকে মারধর করা হয়। এতে তারা আহত হন।
রাজুর দাবি, জমি দখলের চেষ্টা করে অভিযুক্তরা উল্টো হাসপাতালে ভর্তি হয়ে তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। একই সঙ্গে কিছু সাংবাদিক অর্থের বিনিময়ে তাকে ‘ভূমিদস্যু’ আখ্যা দিয়ে তার বক্তব্য না নিয়েই সংবাদ প্রকাশ করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আলহাজ মো. হামিদুল ইসলাম ও মোহাম্মদ আলী। তারা বলেন, শফিকুল ইসলামের দ্বারা শুধু রাজু নন, তারাও জমি দখলের চেষ্টার শিকার হয়েছেন। তাদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় একাধিক জমিসংক্রান্ত অভিযোগ রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন