দিনাজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে দিনাজপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী সদর উপজেলার মাধবপুর এলাকায় অবস্থিত মেসার্স এস আর ব্রিকস নামক ইটভাটায় অভিযান চালানো হয়।
অভিযানে ইটভাটাটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাটির কিলন ও চিমনি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।
এসময় পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা সার্বিক সহযোগিতা করেন।
অভিযানে বিদ্যুৎ বিভাগের একটি দল ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুর সদর থানা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং দিনাজপুর জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন