বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’| আজ রবিবার (১২ এপ্রিল, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী|
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত কাজের মনোভাব গড়ে তোলে| তিনি বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার চেতনা জাগ্রত করে, যা তাদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে| তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে|
এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ২২টি পুরুষ দল এবং ১৫টি নারী দল অংশগ্রহণ করছে| উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ| খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়|
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান| ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন| উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন