কুড়িগ্রামে র্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। রংপুর বিভাগকে মাদকমুক্ত রাখতে র্যাব-১৩ এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১৯ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ০৪:৫০ ঘটিকায় র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ১নং নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে জনৈক মোঃ আতিকুর রহমান নয়ন (৫০)-এর নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান নয়ন (৫০), পিতা—মৃত ফজলুল হক, সাং—পূর্ব ফুলমতি, নাওডাঙ্গা ইউনিয়ন, থানা—ফুলবাড়ী, জেলা—কুড়িগ্রাম-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে র্যাব-১৩ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন