রংপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।।
ইউসেপ বাংলাদেশ রংপুর অঞ্চলের অধীন ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান-২০২৬ গত ১৬ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ রংপুরের প্রশাসক মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবার্টসনগঞ্জ গার্লস স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.এস.এম মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আমিনুল হক খোকন এবং মাওলানা আবুল কালাম ফাউন্ডেশন ও ইসলামিক সেন্টারের পরিচালক হাফেজ মাওলানা গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ গঠনে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন