তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অনুমোদনবিহীন তেল উৎপাদন কোম্পানিকে জরিমানা ও বন্ধ ঘোষণা
রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় টায়ার পুড়িয়ে এক ধরনের ফার্নেস অয়েল উৎপাদনের অভিযোগে ফুয়েল টেক রিনিউয়েবল এনার্জি নামে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে উপজেলার খিয়ারজুম্মা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে পুরাতন টায়ার পুড়িয়ে ও গলিয়ে ওই প্রতিষ্ঠানটি তেল উৎপাদন করে আসছিল। এতে আশপাশের এলাকায় কালো ধোঁয়া, দুর্গন্ধ ও বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পড়ে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল।
এলাকাবাসীর দাবি, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই আশপাশের মানুষ নানা ভোগান্তিতে পড়েন। স্থানীয়রা একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে প্রশাসন অভিযান পরিচালনা করে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(গ) এবং দণ্ড ১৫(১)-এর ক্রমিক নং ৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থা (ইএমএস) ও পরিবেশ ছাড়পত্র না থাকায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানটি পরিচালনা করা যাবে না বলেও জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ঢাকার এক ব্যক্তি পরিচালনা করলেও ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন মো. আল আমীন। তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাগুয়া এলাকায়। অভিযানকালে রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. মলিন মিয়া উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন