খানসামায় মধ্যরাতের আগুনে ৫ দোকান পুড়ে ছাই
দিনাজপুরের খানসামা উপজেলায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও দুশ্চিন্তা নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের পাঁচপীর বাজারের একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে তিনটি কীটনাশকের দোকান, একটি মুদিখানা ও একটি সিমেন্টের দোকান ক্ষতিগ্রস্ত হয়। সম্পূর্ণভাবে পুড়ে যায় ওই এলাকার জাহিদুল ইসলাম ও চকরামপুর গ্রামের মানিক চন্দ্র রায়ের কীটনাশকের দোকান এবং যত্রীশ রায়ের মুদিখানার দোকানের সব মালামাল। এছাড়া ডাঙ্গাপাড়া গ্রামের মো. মিন্টু ইসলামের সিমেন্ট ও কীটনাশকের দোকানটি আংশিকভাবে পুড়ে যায়; দোকানের উল্লেখযোগ্য পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় আনুমানিক ২০ থেকে ২২ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। এক রাতে সব হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
এ বিষয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর টিম লিডার আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তাঁর ভাষ্যমতে, এ ঘটনায় প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ব্যবসায়ীদের জীবিকা ও স্বপ্নে বড় ধরনের আঘাত হেনেছে এ ঘটনা।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন