খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে রুসুল করিম বাবু (৪২) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। একটি মুহূর্তেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মাঝে।
বুধবার (২২ জুলাই) সকালে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত রুসুল করিম বাবু পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য প্রয়াত রহিম উদ্দিনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই দশক ধরে তিনি ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো সেদিনও পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার আশায় যাত্রী নিয়ে বের হয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা।
নিহতের ছোট ভাই আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় বাবুর অটোরিকশায় আটজন যাত্রী ছিলেন। টংগুয়া বড়বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী টেম্পুর সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন রুসুল করিম বাবু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাসেত সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন