বালাসী-বাহাদুরাবাদ সেতু ৮ জেলার মানুষের প্রাণের দাবী-আব্দুল করিম, এম.পি
বালাসী-বাহাদুরাবাদ সেতু, এটি শুধু গাইবান্ধাবাসীর নয়, বরং উত্তরবঙ্গের রংপুরসহ ৮ জেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। দ্রুততম সময়ে এই সেতু নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় গাইবান্ধা সদর উপজেলার হাট-লক্ষ্মীপুরে আবুল কাশেম দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল করিম।
তিনি বলেন, যেখানে শত শত কোটি টাকা ব্যয়ে ফেরিঘাট নির্মাণ করা হয়েছে সেখানে একটি পরিকল্পিত ও টেকসই সেতু নির্মাণ করা হলে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের অন্তত আট জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। ঢাকার সঙ্গে যোগাযোগের দূরত্ব প্রায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার কমে আসবে। পাশাপাশি পণ্য পরিবহনের সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ঘটবে ব্যবসা বাণিজ্যের প্রসার বৃদ্ধি পাবে দুই পাড়ের মানুষের কর্ম সংস্থানের সুযোগ।
তিনি আরও বলেন, সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আ ন ম এহসানুল হক মিলন এর সঙ্গে সাক্ষাৎ করে গাইবান্ধার সার্বিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পাদিত হয়েছে। এসময় গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি সরকারি পলিটেকনিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী মহোদয় এ বিষয়ে আন্তরিক পরামর্শ প্রদান করেন এবং গাইবান্ধার শিক্ষাখাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এর মাধ্যমে গাইবান্ধার শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
তিনি বলেন, গাইবান্ধা সদর হাসপাতালের সেবার মান উন্নয়ন, মেডিকেল কলেজ স্থাপন ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখা হচ্ছে। এলাকার রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নে যথাযথ ব্যবস্থাও গ্রহণে করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা, শিক্ষিকার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসা সুপার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী সুপার আব্দুল মোন্নাফ, নাজমুল হোসেন, আব্দুল ওয়াহেদ সরকার, জাহাঙ্গীর আলম, শাহ আলম, মিজানুর রহমান, মিজু আহমেদ প্রমুখ।
শেষে, সংসদ সদস্য আব্দুল করিম লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন