‘পুশইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না’—দিনাজপুর সেক্টর কমান্ডার
সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। তিনি বলেন, সীমান্তে পুশইন সমস্যাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। পার্শ্ববর্তী দেশের এ ধরনের পুশইনের ঘটনা নজিরবিহীন।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণে বিজিবি বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। আজকের এই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের মতো ভবিষ্যতে সীমান্ত এলাকার হতদরিদ্র ও বেকার যুবকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম করে তোলার উদ্যোগও গ্রহণ করা হবে।
বিজিবির ব্যবস্থাপনায় আয়োজিত এ মানবিক চিকিৎসা ক্যাম্পে সকাল ৯টা থেকে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়, যা সন্ধ্যা পর্যন্ত চলবে। কর্মসূচির আওতায় সীমান্তবর্তী এলাকার প্রায় ৬০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিক্যাল অফিসার (এসএমও) ক্যাপ্টেন এস. এম. মাহদী জামান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন