লালমনিরহাটে মোবাইল ব্যাংকিং জালিয়াতি চক্রের সক্রিয় তিন সদস্য গ্রেফতার
লালমনিরহাটে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রতারণায় জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার ভোরে আদিতমারী থানার একটি প্রতারণা মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একাধিক সিমকার্ড ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার বাসিন্দা মো. আরিফুল ইসলাম (১৯) গত বছরের ১৬ নভেম্বর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা প্রতারকরা মোবাইল ফোনের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন ও বিভ্রান্তি সৃষ্টি করে তার কাছ থেকে ওটিপি (OTP) কোড সংগ্রহ করে। পরে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৩২ হাজার ৭০০ টাকা এবং নগদ অ্যাকাউন্ট থেকে ৫২ হাজার টাকা হাতিয়ে নেয়।
এছাড়া প্রতারকরা ভুক্তভোগীর অ্যাকাউন্ট ব্লক করে পুনরায় ২৩ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে অ্যাকাউন্ট সচল না করার হুমকি দেয়।
ঘটনার পর মামলাটি তদন্তের দায়িত্ব নেয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), লালমনিরহাট। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ৬ এপ্রিল সন্ধ্যায় মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকা থেকে প্রথমে মো. রুবেল বিশ্বাস (২৮)কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে ইউসুফ মোল্লা (৫০) ও টিটু মোল্লা (৩০)কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের ভাষ্য, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন